বাংলাদেশে চলতি মৌসুমের সবচেয়ে উত্তপ্ত দিন পার হয়েছে বুধবার। রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এ মৌসুমের নতুন রেকর্ড। এর আগে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। রাজধানী ঢাকায়ও মৌসুমের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা গেছে। পটুয়াখালীর খেপুপাড়া ছাড়া দেশের কোথাও বৃষ্টি হয়নি। তীব্র গরমের সঙ্গে বিদ্যুতের লোডশেডিং বেড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ১৪ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও বুধবার তা বেড়ে ২৪ জেলায় ছড়িয়ে পড়ে। রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা ছাড়াও ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, দিনাজপুর, রাঙামাটি ও বান্দরবানে তাপপ্রবাহ চলছে। বৃষ্টি না থাকায় বাতাসে আর্দ্রতা বেড়ে গরম আরও অসহনীয় হয়ে উঠেছে। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, তবে শনিবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়লে কিছুটা স্বস্তি মিলতে পারে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসের প্রথমার্ধ পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকার বড় অংশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।