ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং গ্রুপটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগমকে তিন মাসের জন্য বিদেশ গমনের অনুমতি দিয়েছেন। রোববার বিচারক শাহজাহান কবির শুনানি শেষে এই আদেশ দেন এবং সোমবার দুদকের প্রসিকিউশন বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা আবেদনটির বিরোধিতা করেন। তারা যুক্তি দেন, সাফওয়ান সোবহানের দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং বিদেশে গেলে তাকে ফিরিয়ে আনা কঠিন হতে পারে। এছাড়া অর্থ পাচার, রাজস্ব ফাঁকি, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান তদন্তে বিঘ্ন ঘটতে পারে। তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আবেদন মঞ্জুর করেন।
এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দুদকের আবেদনের পর আদালত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কয়েক দফা আবেদন খারিজের পর এবার আদালত সাফওয়ান সোবহান ও আফরোজা বেগমকে তিন মাসের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।