পেরুর বিখ্যাত নাজকা লাইন দেখতে যাওয়ার সময় একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১১ যাত্রী ও দুই পাইলটসহ ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে সেসনা ক্যারাভান সি-২০৮ মডেলের বিমানটি পুয়েবলো ভিয়েহো এলাকায় আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। রোববার স্থানীয় সংবাদমাধ্যম ও দায়িত্বশীল কর্মকর্তাদের বরাতে ঘটনাটি নিশ্চিত করা হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, নিহত বিদেশি পর্যটকদের মধ্যে সাতজন ইতালির, দুজন জার্মানির এবং দুজন স্পেনের নাগরিক। পুলিশ এএফপিকে জানিয়েছে, দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল এবং ঘটনাস্থল থেকে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা গেছে। রয়টার্সের প্রকাশিত ভিডিওতে ধ্বংসস্তূপ থেকে কালো ধোঁয়া উঠতে এবং ফায়ার সার্ভিস কর্মীদের পানি ছিটিয়ে আগুন নেভাতে দেখা যায়।
বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। নাসকা প্রাদেশিক পৌর কর্তৃপক্ষ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দক্ষিণ পেরুর মরুভূমিতে অবস্থিত ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নাজকা লাইন আকাশপথে দেখার জন্য পর্যটকেরা সাধারণত ছোট বিমান ব্যবহার করেন। একই এলাকায় ২০২২ সালে একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন এবং ২০১০ সালে অনুরূপ দুর্ঘটনায় ছয়জন নিহত হন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।