সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে ঘুস, হয়রানি ও অনিয়মের শিকার না হন, তা নিশ্চিত করতে সচিবদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার বিকালে সচিবালয়ে অনুষ্ঠিত সচিব সভায় এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের প্রায় সাত মাস পর প্রথমবারের মতো এ সভা হয়, যেখানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধিকাংশ সচিব অংশ নেন।
সভায় সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়ন পর্যালোচনার পাশাপাশি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ ও কর্মশৃঙ্খলা বাড়াতে ডিজিটাল হাজিরা চালুর বিষয়টি গুরুত্ব পায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো নিয়েও আলোচনা হয়।
সরকারি ভবন ও বিভিন্ন স্থাপনায় সৌর প্যানেল বসানো, বেসরকারি খাতকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহ এবং বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অংশ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচিতে প্রকৃত উপকারভোগী নির্বাচন, অর্থের যথাযথ ব্যবহার ও কাজের মান নিশ্চিত করতে মাঠপর্যায়ের নজরদারি বাড়ানোর কথাও বলা হয়। সরকারি সম্পত্তি রক্ষা এবং বেদখল সম্পত্তি উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও আলোচনায় আসে।
ঘুস-হয়রানি রোধ ও সরকারি সেবায় জবাবদিহি বাড়াতে সচিবদের নির্দেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।