জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। মঙ্গলবার সংসদে দেওয়া বক্তৃতায় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিরোধীদলীয় নেতাকে নিয়ে অপ্রীতিকর ও অসংসদীয় ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, সেক্রেটারি জেনারেল মো. তাজিরুল ইসলামসহ ৭০ জন সদস্য এই নিন্দা জানান। তারা বলেন, ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মুক্তিযুদ্ধ ও জামায়াতে ইসলামী নিয়ে বিতর্ক সংসদ পর্যন্ত গড়িয়েছে। মুক্তিযোদ্ধারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলে যোগ দিয়েছেন। তাই কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াতে যোগ দিতে পারবেন না—এমন মন্তব্য অগ্রহণযোগ্য। পরিষদ মনে করে, প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে রাজনৈতিক মতাদর্শ বেছে নেওয়ার অধিকার রয়েছে।
তারা আহ্বান জানান, বিভাজনের রাজনীতি পরিহার করে সংবিধান সংস্কার ও জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে স্বৈরাচারী প্রবণতা থেকে রক্ষা করতে হবে।
ফজলুর রহমানের সংসদীয় বক্তব্যে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের তীব্র নিন্দা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।