পিরোজপুরের কাউখালী উপজেলার ১৪ নম্বর মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে বৃক্ষরোপণ কর্মসূচিতে চারা গাছের বদলে ডাল পুঁতে রোপণ করানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত আদেশে বরখাস্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির আওতায় গত ১৫ জুলাই প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি চারাগাছ রোপণের স্পষ্ট নির্দেশনা ছিল। অভিযোগ অনুযায়ী, শ্যামল চন্দ্র হালদার শিক্ষার্থীদের দিয়ে চারার পরিবর্তে গাছের ডাল রোপণ করান। পরে ওই কর্মসূচির ছবি শিক্ষকদের সামাজিক মাধ্যমের একটি গ্রুপে আপলোড করা হয়।
লিখিত অভিযোগ পাওয়ার পর ১৯ জুলাই কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পান। অভিযোগের গুরুত্ব বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই বিদ্যালয়ের আরেক শিক্ষককে নিয়ে নারী সহকর্মীর অভিযোগও তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কাউখালীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।