৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৫-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারে আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন এবং ১৬৫ জন সহকারী সার্জন পদে নিয়োগ পেয়েছেন। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তাঁদের বেতনক্রম ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে এসব নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। চাকরি-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত বিশেষ ধরনের প্রশিক্ষণও গ্রহণ করতে হবে। তাঁরা দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করবেন; প্রয়োজন হলে সরকার এ সময়সীমা আরও দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষানবিশকালে কর্মদক্ষতা সন্তোষজনক না হলে চাকরি থেকে অপসারণ করা হতে পারে। যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিতে হবে এবং সম্পদের বিবরণীসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের অঙ্গীকার করলে নিয়োগ বাতিল হবে। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কর্মস্থলে যোগ না দিলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পেলেন ১৮৪ জন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।