ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সরকার নীতিমালা প্রণয়ন করছে। মঙ্গলবার ডিএসসিসি ভবনে যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সভায় বাংলাদেশ রিকশা-ভ্যান ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান মালিক ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় যানজট ও নিরাপত্তা সমস্যা তীব্র হচ্ছে। ফেডারেশনের নেতারা বলেন, প্যাডেলচালিত রিকশা প্রায় বিলুপ্তির পথে এবং অনেক মালিক লাইসেন্সকৃত রিকশায় ব্যাটারি সংযুক্ত করেছেন। তারা এসব রিকশাকে নতুন নীতিমালার আওতায় বৈধ করার দাবি জানান এবং ঢাকার বাইরে থেকে আসা মৌসুমি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
প্রশাসক সালাম বলেন, নীতিমালায় জনভোগান্তি ও জীবিকার ভারসাম্য রক্ষা করা হবে এবং নির্দিষ্ট ডিজাইন, গতি ও নিরাপত্তা মান বজায় রেখে সীমিত সংখ্যক রিকশা চলবে। তিনি ঢাকার প্রকৃত রিকশা মালিক ও চালকদের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ঢাকায় অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা আনছে সরকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।