সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগে এক ইউপি সদস্যসহ ১০ জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। রোববার (১৬ নভেম্বর) ঘোড়জান নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা সবাই ঘোড়জান ইউনিয়নের রেহাই কাউলিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তারা প্রতিদিন বালুবাহী বাল্কহেড থামিয়ে চাঁদা আদায় করত এবং চাঁদা না দিলে নৌযান বন্ধ করে দেওয়া ও শ্রমিকদের মারধরের হুমকি দিত। চৌহালী নৌ-পুলিশের ওসি ফিরোজ আহম্মেদ জানান, অভিযানের সময় ইউপি সদস্য মানিক সিকদারসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, যমুনা নদীতে সক্রিয় এই চাঁদাবাজ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ে ইউপি সদস্যসহ ১০ জন গ্রেফতার