কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)’ দেশের চরাঞ্চলে কৃষি সম্প্রসারণে কাজ করছে। প্রায় ৮ লাখ ৩০ হাজার হেক্টর স্থায়ী ও অস্থায়ী চরভূমিতে এ উদ্যোগের প্রভাব পড়ছে, যেখানে প্রায় দুই কোটি মানুষের বসবাস। কৃষি, মৎস্য, পশুপালন ও ক্ষুদ্র ব্যবসা তাদের জীবিকার উৎস হলেও কৃষিই সবচেয়ে বড় অবলম্বন।
ডিএইর তথ্য অনুযায়ী, চরভূমির ৬ লাখ ৫৯ হাজার ৪৭ হেক্টর আবাদযোগ্য এবং প্রায় ১ লাখ ১ হাজার ৮৯২ হেক্টর জমি পতিত। দেশের মোট চরাঞ্চলের প্রায় ৬৭ শতাংশ উত্তরাঞ্চলে অবস্থিত। প্রতি বছর কয়েক মাস পানিতে তলিয়ে থাকার পর নতুন পলি জমায় মাটি প্রাকৃতিকভাবে উর্বর হয়। সেখানে গম, ভুট্টা, বাদাম, পেঁয়াজ, রসুন, সবজি ও ডালসহ অন্তত ২০ ধরনের ফসল চাষ হচ্ছে।
সেচের জন্য এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ, চারা উৎপাদনে পলিশেড ও পলিনেট হাউস নির্মাণ এবং ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট ব্যবহারের কথা জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। ১২টি ফসলের আধুনিক জাতের প্রদর্শনী স্থাপন করা হচ্ছে। জাজিরায় ২০০ বিঘা বালু জমিতে স্যান্ডবার প্রযুক্তিতে তরমুজ চাষ হচ্ছে। প্রকল্পের আওতায় ৮৫২টি ফলবাগান এবং প্রায় ১ লাখ ৪০ হাজার গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে।
আধুনিক প্রযুক্তি ও সেচসুবিধায় বাংলাদেশের চরাঞ্চলে কৃষি সম্প্রসারণ হচ্ছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।