ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ সফল করার আহ্বানে রাজধানীর কারওয়ানবাজার, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড ও সাতরাস্তা এলাকায় প্রচারপত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এ কর্মসূচি হয়। ব্যবসায়ী, শ্রমিক, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লংমার্চ এবং ছয় দফা দাবির তথ্য বিতরণ করা হয়।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা। রেজাউল করিম বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার বিদ্যুৎ ও গ্যাস সহজলভ্য ও সাশ্রয়ী করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা উন্নয়নের অগ্রাধিকারমূলক কর্মসূচির কথা বলেছিল। তবে এসব ক্ষেত্রে সরকার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, এটি কোনো এক দলের লংমার্চ নয়; দেশের মানুষের গণরায় বাস্তবায়নের দাবির কর্মসূচি। আগামী শনিবার সকাল ৭টায় ঢাকার মতিঝিল শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু হওয়া লংমার্চে সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি। প্রচারপত্র বিতরণে আতাউর রহমান সরকার, ইঞ্জিনিয়ার নোমান আহমেদ, ফরিদ আহমেদ রুবেলসহ জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে সমর্থন চেয়ে ঢাকায় জামায়াতের প্রচারপত্র বিতরণ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।