ইউক্রেনীয় র্যাপার কিয়েভস্টোনারকে কোপেনহেগেনের উপকণ্ঠে একটি কনসার্টে হত্যার পরিকল্পনায় রুশ গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগে রাশিয়ার প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। তাকে আগামী সাত দিনের মধ্যে দেশ ছাড়তে হবে। পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানান, শুক্রবার রুশ রাষ্ট্রদূতকে তলব করে সিদ্ধান্তটি জানানো হয়েছে।
ডেনমার্কের গোয়েন্দা সংস্থা পিইটি বলেছে, এ পরিকল্পনায় নিষিদ্ধ অপরাধী চক্র লয়াল টু ফ্যামিলিয়ার সহায়তা নেওয়ার সন্দেহ রয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর কনসার্টস্থলের কাছে একটি গাড়ি থেকে তিনজনকে আটক করা হয় এবং গাড়িতে আগ্নেয়াস্ত্র ও ছুরি পাওয়া যায়। দুই ডেনিশ নাগরিকের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে তদন্ত চলছে। তাদের একজন কনসার্টের টিকিট কিনেছিলেন এবং পরে অনুষ্ঠানটি বাতিল করা হয়।
পিইটির প্রধান রাসমুস কিফার-ক্রিস্টেনসেন ঘটনাটিকে ডেনমার্কে নজিরবিহীন বলেছেন। প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার কথা বলেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা ডেনমার্কের প্রতি ইইউর পূর্ণ সমর্থন জানান। রাশিয়া অভিযোগ অস্বীকার করে সিদ্ধান্তটিকে প্রতিহিংসামূলক বলেছে এবং জবাব দেওয়ার কথা জানিয়েছে। ডেনমার্ক রুশ নাগরিকদের শেনজেন ভিসা স্থগিতের বিষয়টিও বিবেচনা করছে।
ইউক্রেনীয় র্যাপার হত্যার অভিযোগে রুশ প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার ডেনমার্কের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।