জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ধর্মীয় পরিচয়ের কারণে দেশের কোনো সম্প্রদায়ের মানুষ বৈষম্যের শিকার হলে এনসিপি প্রতিবাদ করবে। এমন ঘটনা সামনে এলে দলটি সংসদে এবং রাজপথে কথা বলবে বলে জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদযাপনের প্রত্যাশা জানান। তিনি বলেন, এনসিপি এমন বাংলাদেশ চায় যেখানে সবাই নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিয়ে আলাদাভাবে ভাবতে হবে না। দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক সহযোগিতার জন্য সারা দেশের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি রাজনৈতিক দলগুলোকে সব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক ও যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা নিয়ে সতর্ক করে তিনি বলেন, ছোটখাটো ঘটনাকে বড় করে উপস্থাপন করে নেতিবাচক প্রচারণা চালানো হয়। অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী এবং পূজা পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ধর্মীয় বৈষম্যের ঘটনায় সংসদ ও রাজপথে প্রতিবাদের ঘোষণা এনসিপির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।