বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’-তে যোগ দিতে সেনেগালে গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনি শনিবার ঢাকা ত্যাগ করেছেন। আগামী ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
২০১৪ সালে শুরু হওয়া এই ফোরামটি আফ্রিকা ও বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা বিষয়ক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এতে আফ্রিকার বিভিন্ন দেশের শীর্ষ নেতা, নীতি-নির্ধারক, প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অংশীদাররা সন্ত্রাসবাদ, উগ্রবাদ, সমুদ্র-নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ মোকাবিলার মতো ইস্যু নিয়ে মতবিনিময় করেন।
ফোরামের মূল আলোচনার পাশাপাশি শামা ওবায়েদ ইসলাম কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক ও পার্শ্ব-আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে, যেখানে তিনি বিশ্বশান্তি, বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরবেন। সফর শেষে তিনি ২৪ এপ্রিল দেশে ফিরবেন।
সেনেগালে শান্তি ও নিরাপত্তা ফোরামে অংশ নিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।