সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় ঈশ্বরদী পৌর বিএনপির সদস্যসচিব ইমরুল কায়েস সুমনের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন পাবনার একটি আদালত। রোববার পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শাহিন কবির শুনানি শেষে এ আদেশ দেন। স্থায়ী জামিনের আবেদন জানিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়েছিল। পরে পুলিশি পাহারায় তাঁকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, সাউথইস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখা থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ রয়েছে সুমনের বিরুদ্ধে। মামলায় তিনি সপরিবার আত্মগোপনে গিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে ২০১৯ সালের ১১ এপ্রিল তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। তদন্তে সুমনের সঙ্গে ব্যাংকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশের অভিযোগও উঠে আসে।
২০২৩ সালের জুনে প্রায় ১ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতে সহায়তার অভিযোগে সাউথইস্ট ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক মামলা করে দুদক। গত ৬ আগস্ট চেক ডিজঅনার মামলায় সুমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এরপরও ১৬ আগস্ট তাঁকে পৌর বিএনপির সদস্যসচিব করা হলে স্থানীয় দলের একাংশ ক্ষোভ প্রকাশ করে।
ব্যাংক আত্মসাৎ মামলায় জামিন না পেয়ে কারাগারে ঈশ্বরদী পৌর বিএনপি নেতা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।