অর্থসংকটে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন ধীর হয়ে পড়ায় ৫ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিলের প্রস্তাব দিয়েছে প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিইজেডএবি)। চাহিদা ও প্রকল্পের অগ্রগতি বিবেচনায় পরে তহবিলটি ১০ হাজার কোটি টাকা পর্যন্ত বাড়ানোর কথাও বলা হয়েছে। সম্প্রতি অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারের কাছে পাঠানো চিঠিতে এ দাবি জানান পিইজেডএবি সভাপতি এএসএম মাঈনুদ্দিন মোনেম।
সংগঠনটি বলেছে, কারখানা চালুর আগে দীর্ঘমেয়াদি অবকাঠামোয় বড় বিনিয়োগ প্রয়োজন হলেও পরে ধীরে নগদ প্রবাহ তৈরি হয়। উচ্চ সুদের স্বল্পমেয়াদি বাণিজ্যিক ঋণ ব্যবহারে ব্যয় বাড়ে ও কাজ বিলম্বিত হয়, যা বিনিয়োগকারীদের আগ্রহ কমাচ্ছে। প্রস্তাবে ঋণের সুদ সর্বোচ্চ ৪ দশমিক ৫০ শতাংশ এবং অংশগ্রহণকারী ব্যাংককে সর্বোচ্চ ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়নের কথা বলা হয়েছে। ঋণের মেয়াদ ১৫ বছর, বড় প্রকল্পে ২০ বছর পর্যন্ত এবং রেয়াতকাল চার বছর প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত কাঠামোয় সর্বোচ্চ ৭০ শতাংশ ঋণ ও ন্যূনতম ৩০ শতাংশ ডেভেলপারের নিজস্ব মূলধন থাকবে। ভূমি উন্নয়ন, সড়ক, ড্রেনেজ, পানি, পয়োনিষ্কাশন, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি ও অন্যান্য অবকাঠামোয় অর্থ ব্যয়ের সুযোগ থাকবে। পিইজেডএবি বাংলাদেশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে দ্রুত বৈঠক চেয়েছে।
বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোয় ৫ হাজার কোটি টাকার তহবিল চেয়েছে পিইজেডএবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।