মহান মে দিবস উপলক্ষে ঢাকার নাট্যাঙ্গনে দিনব্যাপী জমজমাট আয়োজনের প্রস্তুতি নিয়েছে দুটি নাট্যদল। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে আরণ্যক নাট্যদলের প্রথম পর্ব, যেখানে থাকবে মে দিবসের গান, আবৃত্তি, বাউল সংগীত ও আলোচনা সভা। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। একই পর্বে মান্নান হীরার রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হবে পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে দ্বিতীয় পর্বে পরিবেশিত হবে সংগীত ও মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় জনপ্রিয় নাটক ‘রাঢ়াঙ’। প্রতিবছরের মতো এবারও প্রকাশিত হবে ‘মে দিবসের কাগজ’।
অন্যদিকে নাট্যদল বটতলা শিশুতোষ নাটক ‘বন্যথেরিয়াম’-এর দুটি প্রদর্শনীর আয়োজন করেছে। বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকাল ৪টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে নাটকটি। সুকুমার রায়ের ‘হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি’ অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ইভান রিয়াজ। নাটকটির গল্পে এক অদ্ভুত প্রাণীকে ঘিরে মানুষের লোভ, ব্যবসায়িক মনোভাব ও প্রকৃতি ধ্বংসের প্রবণতা ফুটে উঠেছে, যা শিশু ও বড়দের জন্য সমানভাবে ভাবনার সৃষ্টি করবে।
মে দিবসে ঢাকায় আরণ্যক ও বটতলার দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক আয়োজন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।