পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের সঙ্গে সামুদ্রিক সীমা নির্ধারণী সমঝোতা স্মারক-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করায় লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক প্রতিনিধি পরিষদের নিন্দা জানিয়েছে ইসরাইল। বুধবার ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই চুক্তি তাদের ঘনিষ্ঠ মিত্র গ্রিস ও সাইপ্রাসের সার্বভৌম অধিকার ক্ষুণ্ন করে। অন্যদিকে আঙ্কারা অনুমোদনকে স্বাগত জানিয়ে বলেছে, আন্তর্জাতিক আইন ও ন্যায়সংগত নীতির ভিত্তিতে পারস্পরিক অধিকার সুরক্ষায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
চুক্তির মাধ্যমে পূর্ব ভূমধ্যসাগরের সম্ভাব্য গ্যাসসমৃদ্ধ একটি অঞ্চলের সামুদ্রিক সীমা নির্ধারণ করা হয়েছে। গ্রিস ও সাইপ্রাসের দাবি, এতে তাদের সামুদ্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রিস, মিসর ও সাইপ্রাস দীর্ঘদিন ধরে এর বিরোধিতা করে আসছে। গ্রিসের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত অ্যাগলাইয়া বাল্টা বুধবার নিরাপত্তা পরিষদকে বিষয়টি অবহিত করেন এবং বলেন, এতে পূর্ব ভূমধ্যসাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন গ্রিস ও সাইপ্রাসের সমর্থনে চুক্তিটিকে অকার্যকর ও বাতিলযোগ্য বলেছে। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌম অধিকার রক্ষার কথা বলেন। মিসর চুক্তিটির কোনো আইনি ভিত্তি বা কার্যকারিতা নেই বলে জানিয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একে আইনি ও সাংবিধানিকভাবে সম্পূর্ণ বৈধ চুক্তি হিসেবে বর্ণনা করেছেন।
তুরস্ক-লিবিয়া সামুদ্রিক চুক্তি অনুমোদনের নিন্দা জানিয়েছে ইসরাইল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।