আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি ভিটি-৪ সিরিজের প্রধান যুদ্ধট্যাংকে বড় প্রযুক্তিগত উন্নয়ন এনেছে চীন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সম্ভাব্য ভিটি-৪বি নামের উন্নত সংস্করণ দেখা গেছে। চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাই বিমানবন্দরে ট্যাংকটি পৌঁছানোর ছবি প্রকাশ পেয়েছে। আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠেয় এয়ারশো চায়নাতে এটি প্রদর্শিত হতে পারে।
আগের ভিটি-৪এ মডেলের তুলনায় নতুন সংস্করণে চীনের পরবর্তী প্রজন্মের সাঁজোয়া যান এবং উন্নত টাইপ-৯৯বি ট্যাংকে ব্যবহৃত কিছু প্রযুক্তির বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। তবে এর সামগ্রিক নকশা এখনো তৃতীয় প্রজন্মের প্রধান যুদ্ধট্যাংকের বৈশিষ্ট্য বহন করছে। ট্যাংকটির সামনে ও দুই পাশে মোটা বিস্ফোরক প্রতিক্রিয়াশীল বর্ম যুক্ত হয়েছে এবং ছাদের ১২ দশমিক ৭ মিলিমিটার মেশিনগানের বদলে দূরনিয়ন্ত্রিত ৩০ মিলিমিটার কামান বসানো হয়েছে।
ছবিতে পূর্ণাঙ্গ সক্রিয় সুরক্ষাব্যবস্থা, সম্ভবত জিএল-৬, ব্যবহারের ইঙ্গিতও পাওয়া যায়। এতে ফেজড-অ্যারে রাডার প্যানেল ও ইন্টারসেপ্টর লঞ্চার থাকতে পারে। বড় ইও/আইআর সেন্সর, নতুন অ্যান্টেনা এবং একটি রেডিও-ফ্রিকোয়েন্সি অ্যারেও দেখা গেছে। ভিটি-৪ চীনের সবচেয়ে সফল রপ্তানিমুখী ট্যাংক পরিবার; পাকিস্তান, থাইল্যান্ড ও নাইজেরিয়া এটি ব্যবহার করছে।
চীনের সম্ভাব্য ভিটি-৪বি ট্যাংকে যুক্ত হচ্ছে উন্নত বর্ম, সেন্সর ও ড্রোন প্রতিরক্ষা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।