গাজা যুদ্ধের মধ্যে ইসরাইলের প্রতি মার্কিন ভোটারদের সমর্থন রেকর্ড সর্বনিম্নে নেমেছে বলে ফক্স নিউজের বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে কাকে বেশি সমর্থন করেন—এ প্রশ্নে ৪৮ শতাংশ নিবন্ধিত ভোটার ইসরাইলিদের পক্ষে এবং ৩৮ শতাংশ ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান জানিয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর সময় ৬৮ শতাংশ ভোটার ইসরাইলকে এবং ১৮ শতাংশ ফিলিস্তিনিদের সমর্থন করেছিলেন। চলতি বছরের জুনেও ইসরাইলের প্রতি সমর্থন ছিল ৫৪ শতাংশ। অক্টোবর ২০২৩-এর তুলনায় নারী, হিস্পানিক ভোটার, ৪৫ বছরের কম বয়সী, কলেজ স্নাতক ও ডেমোক্র্যাটদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন অন্তত ২০ শতাংশ পয়েন্ট কমেছে। রিপাবলিকানদের মধ্যে কমেছে ১০ শতাংশ পয়েন্ট।
জরিপে ইরানের সঙ্গে সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকা সম্পর্কেও সংশয়ের চিত্র উঠে এসেছে। ৭১ শতাংশের বেশি ভোটার বলেছেন, সংঘাত শেষ করার বিষয়ে প্রশাসনের স্পষ্ট পরিকল্পনা নেই। ৬০ শতাংশের মতে, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ ভুল ছিল; ৩৭ শতাংশ একে সঠিক সিদ্ধান্ত বলেছেন। ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ২১১ জন নিবন্ধিত ভোটারের মধ্যে জরিপটি করা হয়।
ফক্স নিউজ জরিপে ইসরাইলের প্রতি মার্কিন ভোটারদের সমর্থন রেকর্ড সর্বনিম্নে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।