যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্র্যাট প্রার্থী আদম হামাওয়ি জয় পেয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেস তার জয় ঘোষণা করেছে। তিনি রিপাবলিকান প্রার্থী গ্রেগ মেলেকে পরাজিত করে অবসর নিতে যাওয়া কংগ্রেস সদস্য বনি ওয়াটসন কোলম্যানের স্থলাভিষিক্ত হবেন। এর মাধ্যমে তিনি নিউ জার্সি থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত প্রথম মুসলিম সদস্য হতে যাচ্ছেন।
মিসরে জন্ম নেওয়া ৫৬ বছর বয়সী হামাওয়ি শৈশবে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি প্লাস্টিক ও পুনর্গঠনমূলক শল্যচিকিৎসক এবং অবসরপ্রাপ্ত মার্কিন সেনা চিকিৎসক। ইরাক যুদ্ধে দায়িত্ব পালনের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর বর্তমান সিনেটর ট্যামি ডাকওয়ার্থের জীবন রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সামরিক দায়িত্বের পর বসনিয়া, সুদান, লেবানন, সিরিয়া, জর্ডান ও তুরস্কসহ বিভিন্ন দেশে মানবিক চিকিৎসাসেবা দেন তিনি।
গাজায় চিকিৎসাসেবার অভিজ্ঞতা তার রাজনৈতিক অবস্থান ও প্রচারে প্রভাব ফেলে। ২০২৪ সালের মে মাসে ১৯ সদস্যের একটি চিকিৎসক দলের সঙ্গে গাজায় গিয়ে তিন সপ্তাহে প্রায় ১২০টি অস্ত্রোপচার করেন তিনি, যার অর্ধেকের বেশি ছিল শিশুদের ওপর। ২০২৫ সালেও তিনি গাজায় যান। হামাওয়ি ইসরাইলের সামরিক অভিযানের সমালোচনা, মার্কিন সামরিক সহায়তা বন্ধ, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও শিক্ষাঋণ বাতিল এবং আইসিই বিলুপ্তির দাবি তুলে প্রচার চালান।
নিউ জার্সির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হতে যাচ্ছেন আদম হামাওয়ি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।