ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রযুক্তির সংখ্যা দিয়ে নয়, নাগরিকের জন্য সরকারি সেবা কতটা সহজ, দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য হয়েছে তা দিয়েই ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে। আজারবাইজানের রাজধানী বাকুতে শাসনব্যবস্থায় উদ্ভাবন ও ভবিষ্যৎ উপযোগী প্রতিষ্ঠান গঠনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের অষ্টম অধিবেশনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু সেবা অনলাইনে নেওয়া মানেই তা পুরোপুরি ডিজিটাল হওয়া নয় এবং শুধু প্রযুক্তি দিয়েও সরকারি প্রশাসনে পরিবর্তন আনা সম্ভব নয়। নতুন প্রযুক্তি চালুর আগে সমস্যার মূল কারণ চিহ্নিত, প্রশাসনিক প্রক্রিয়া পর্যালোচনা, অপ্রয়োজনীয় ধাপ কমানো, প্রতিষ্ঠানের দায়িত্ব স্পষ্ট করা এবং সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। সফল রূপান্তরের জন্য সক্ষম প্রতিষ্ঠান, দক্ষ জনবল ও জনগণের আস্থাকে তিনি তিনটি মূল সক্ষমতা হিসেবে উল্লেখ করেন।
জনআস্থা অর্জনে শক্তিশালী তথ্য ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষা এবং সহজ অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা প্রয়োজন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ কাগজভিত্তিক পদ্ধতি শুধু অনলাইনে তোলার বদলে নাগরিকের প্রকৃত চাহিদা অনুযায়ী পুরো সেবা-প্রক্রিয়া নতুন করে সাজাচ্ছে। অধিবেশনে লেসোথো, মৌরিতানিয়া ও মেক্সিকোর প্রতিনিধিরাও অংশ নেন।
প্রযুক্তির সংখ্যা নয়, নাগরিকসেবার মানে ডিজিটাল অগ্রগতি মাপার আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।