প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে এবং তহবিল দেড় হাজার কোটি টাকায় উন্নীত করেছে। বৃহস্পতিবার জারি করা সার্কুলারে বলা হয়েছে, ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন আয়ের পেশাজীবী, শিক্ষার্থী ও প্রবাসী আয়ের সুবিধাভোগী পরিবারের সদস্যরা এ স্কিমে ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ এবং ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে জামানত লাগবে না।
পাঁচ বছর মেয়াদি এই স্কিমের অর্থ আবর্তনশীল পদ্ধতিতে ব্যবহার হবে এবং ঋণ পরিশোধে সর্বোচ্চ ছয় মাস বিরতির সুযোগ থাকবে। একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। দুই থেকে পাঁচ সদস্যের দলগত ঋণে সদস্যপ্রতি সর্বোচ্চ ৮ লাখ টাকা হিসেবে একটি দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা পাবে। দলটির সদস্যরা ঋণ পরিশোধে ব্যক্তিগত ও যৌথভাবে দায়বদ্ধ থাকবেন।
৫ লাখ টাকার বেশি ঋণে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত নেওয়া যাবে। অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক বার্ষিক ১ শতাংশ সুদ বা মুনাফায় পুনঃঅর্থায়ন দেবে। খেলাপি ঋণগ্রহীতারা এ সুবিধা পাবেন না। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি প্রতিবেদন সংগ্রহে গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।
প্রান্তিক মানুষের ঋণ সুবিধায় তহবিল দেড় হাজার কোটি টাকায় উন্নীত করল বাংলাদেশ ব্যাংক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।