সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ চালকদের অদক্ষতা ও অযোগ্যতা এবং পথচারীদের অসচেতনতা। সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক কর্মশালায় তিনি বলেন, সাম্প্রতিক অনেক দুর্ঘটনায় চালকের বেপরোয়া ও স্বেচ্ছাচারীভাবে গাড়ি চালানোর বিষয়টি উঠে এসেছে।
মন্ত্রী বলেন, চালকদের প্রশিক্ষণ, দক্ষতা ও যোগ্যতা নিশ্চিত করতে সরকার প্রকল্প নিয়েছে, তবে এসব প্রকল্পে সত্যিকার অর্থে দক্ষ চালক তৈরি হচ্ছে কি না তা মূল্যায়ন জরুরি। লাইসেন্স, প্রশিক্ষণ, চালকের দক্ষতা ও যানবাহনের ফিটনেসকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। পুরোনো ও ফিটনেসবিহীন যানবাহন, মোটরসাইকেল দুর্ঘটনা, হেলমেট ব্যবহার এবং সব সড়ক ব্যবহারকারীর সচেতনতার বিষয়েও কার্যকর পদক্ষেপের কথা বলেন।
শেখ রবিউল আলম জানান, সড়ক নিরাপত্তায় বিশ্বব্যাংকের প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প রয়েছে এবং নতুন দুটি প্রকল্পের দুটি প্যাকেজে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয় হবে। তিনি দুর্ঘটনার তথ্য বিশ্লেষণভিত্তিক পরিকল্পনা, আগাম রক্ষণাবেক্ষণ এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্থায়ী পুলিশ ইউনিট গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন।
চালকের দক্ষতা, যানবাহনের ফিটনেস ও সড়ক ব্যবহারকারীর সচেতনতা জোরদারের আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।