বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বুধবার কানাডার মন্ট্রিলে আইসিএওর সপ্তম এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ সহযোগিতা চান।
বৈঠকগুলোতে দেশের বিমান চলাচল খাত আধুনিকায়ন, নিরাপত্তা জোরদার, দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। মন্ত্রী এভিয়েশন হাব প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়াতে আইসিএওর সহায়তা চান। তিনি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সক্ষমতা উন্নয়ন, জাতীয় বিমান নিরাপত্তা শক্তিশালীকরণ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এভিয়েশন শিক্ষা এবং বিশেষায়িত প্রশিক্ষণ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
ওনুমা বাংলাদেশের এভিয়েশন খাতের অগ্রগতি, ক্রমবর্ধমান বাজার ও সরকারি উদ্যোগের প্রশংসা করেন এবং বর্তমান সরকারের সঙ্গে কাজের আগ্রহ জানান। থাইল্যান্ডের সঙ্গে বৈঠকে নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির ফ্লাইট ক্যালিব্রেশন ও ফ্লাইট ভ্যালিডেশনে থাই ফ্লাইট ইন্সপেকশন ইউনিটের জিটুজি সহায়তা আনুষ্ঠানিকভাবে চাওয়া হয়। এ সহযোগিতা নিরাপত্তা, নেভিগেশনের নির্ভরযোগ্যতা ও কারিগরি সক্ষমতা বাড়াবে বলে আশা করা হয়।
আঞ্চলিক এভিয়েশন হাব গড়তে আইসিএও ও থাইল্যান্ডের সহায়তা চেয়েছে বাংলাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।