আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাকার অপব্যবহার রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা চার দিনের জন্য সীমিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই সীমাবদ্ধতা কার্যকর থাকবে। এ সময় বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস গ্রাহকরা প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা এবং দৈনিক সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং ও ব্যাংক অ্যাপের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে টাকা পাঠানো সম্পূর্ণ বন্ধ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটি ও এমএফএস ব্যবস্থার অপব্যবহার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চেন্ট পেমেন্ট ও বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়মে লেনদেন চলবে, তবে অন্যান্য এমএফএস সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে অভিযোগ নিষ্পত্তির জন্য জরুরি রেসপন্স সেল গঠন ও সব লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় নির্বাচন সামনে রেখে চার দিন মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সীমিত