রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাইম আহমেদ টিটনকে গুলি করে হত্যার মামলায় শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার আদালত। সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। গত ২৮ এপ্রিল শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে গুলিতে নিহত হন ৫৫ বছর বয়সী টিটন।
তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক মো. ইরফান খান আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। আবেদনে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, নেপথ্যের ইন্ধনদাতাদের চিহ্নিত করা, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পলাতক অন্য আসামিদের অবস্থান শনাক্তে জিজ্ঞাসাবাদের প্রয়োজনের কথা বলা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি দেন এবং আসামিপক্ষের আইনজীবী মো. মাহবুবুল আলম জামিন চান।
আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার অনুযায়ী, গরুর হাটের ইজারা নেওয়াকে কেন্দ্র করে টিটনের সঙ্গে কয়েকজনের বিরোধ তৈরি হয়েছিল। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আসলাম ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান।
নিউমার্কেটে টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।