টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের পেকুয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ও খাল-বিল একাকার হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম কোমরসমান পানি মাড়িয়ে নিজ হাতে ত্রাণসামগ্রী নিয়ে পানিবন্দি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। বৃহস্পতিবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত তিনি বিভিন্ন ইউনিয়নে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেন।
স্থানীয়দের মতে, দুর্যোগের সময় একজন প্রশাসনিক কর্মকর্তার এমন মাঠপর্যায়ে কাজ করা বিরল। ইউএনও রফিকুল ইসলাম জানান, টানা বৃষ্টিতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। কাজ বন্ধ থাকায় অনেক পরিবার আয়হীন হয়ে পড়েছে এবং জ্বালানি ভিজে যাওয়ায় রান্নাও সম্ভব হয়নি। তিনি বলেন, প্রতিটি এলাকার খবর রাখা হচ্ছে এবং সংকট দেখা দিলেই দ্রুত খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
উপজেলার নিম্নাঞ্চলের অনেক গ্রাম এখনো পানিবন্দি। প্রশাসন আশ্রয়কেন্দ্র ও কন্ট্রোল রুম চালু রেখেছে, পাশাপাশি জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরাও দুর্গতদের সহায়তায় কাজ করছেন।
কক্সবাজারে বন্যায় কোমরপানি মাড়িয়ে ত্রাণ বিতরণে পেকুয়া ইউএনও রফিকুল ইসলাম
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।