Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রচলিত পাঠ্যবইয়ের পাশাপাশি কারিকুলামভিত্তিক লার্নিং টয় বা শিক্ষণীয় খেলনা যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে ‘মেধা ও সৃজন উৎসব-২০২৬’-এর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, খেলাধুলার মাধ্যমে শ্রেণিকক্ষে আনন্দের সঙ্গে পাঠ গ্রহণের পরিবেশ গড়ে তোলা এবং শিশুদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশই এ উদ্যোগের লক্ষ্য। এ জন্য শ্রেণিকক্ষে খেলাধুলার উপযোগী জায়গা রাখার পাশাপাশি পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষণীয় খেলনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব উপকরণ ব্যবহার করে শিক্ষকরা আরও সহজ ও আনন্দময়ভাবে পাঠদান করতে পারবেন বলে তিনি বলেন।

বয়স ও শ্রেণিভেদে খেলাধুলার সুযোগ বাড়ানো, ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরির কথাও জানান প্রতিমন্ত্রী। গান, কবিতা, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ উৎসাহিত করা হবে। গণিত অলিম্পিয়াড, কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতে রোবোটিক্স, প্রোগ্রামিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিযোগিতার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

01 Nov 26 1NOJOR.COM

প্রাথমিক শিক্ষায় পাঠ্যবইয়ের সঙ্গে শিক্ষণীয় খেলনা যুক্ত করার পরিকল্পনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।