তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্ব জাতিগত, ধর্মীয়, ভাষাগত, সাংস্কৃতিক ও ভৌগোলিক বিভাজনের কারণে গভীর ও বহুমাত্রিক সংকটে রয়েছে। তিনি বলেন, আধিপত্য নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও শান্তিপূর্ণ সহাবস্থানই এসব সংকটের স্থায়ী সমাধান দিতে পারে। শনিবার রাজধানীর একটি হোটেলে আল উম্মাহ ফাউন্ডেশনের ওয়েবসাইট ও আল উম্মাহ জার্নালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অস্থিরতা ও বিভাজনের প্রেক্ষাপটে আল উম্মাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ সময়োপযোগী। তিনি আশা প্রকাশ করেন, এটি বিভিন্ন মতাদর্শ ও চিন্তার মানুষের জন্য উন্মুক্ত বুদ্ধিবিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, ভাষা, জাতিসত্তা, ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্য মানবসভ্যতার স্বাভাবিক অংশ, এবং কোনো গোষ্ঠী বা মতাদর্শের পক্ষে বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠা করা বাস্তবসম্মত নয়। ইতিহাস প্রমাণ করে, যুদ্ধ বা শক্তির প্রদর্শন নয়, বরং মুক্ত চিন্তা ও পারস্পরিক সম্মানই সভ্যতাকে এগিয়ে নিয়েছে।
সরকারের পক্ষ থেকে উদ্যোগটিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শান্তিপূর্ণ সহাবস্থান, সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে। তিনি আশা প্রকাশ করেন, আল উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট বিভিন্ন সংস্কৃতি ও দেশের মানুষের মধ্যে বোঝাপড়া ও সংলাপকে আরও সমৃদ্ধ করবে।
বিশ্ব সংকট মোকাবিলায় শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান তথ্যমন্ত্রীর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।