ভারতের আসামে নারী, পুরুষ ও শিশুসহ ২৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগে বুধবার গুয়াহাটি ও রাঙ্গিয়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের বাংলাদেশে পুশব্যাক বা ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হতে পারে।
আসাম পুলিশের সীমান্ত শাখার উপ-পুলিশ কমিশনার কুলেন্দ্র নাথ ডেকা বলেন, সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের একটি দল অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে প্রথমে গুয়াহাটির আসাম স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের ক্যাম্পাস থেকে ১২ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জম্মু তাওয়াই এক্সপ্রেসে থাকা আরেকটি দলের বিষয়ে তথ্য দিয়েছেন বলে তিনি জানান।
এরপর রাঙ্গিয়া রেলওয়ে জংশন পার হওয়ার পর আরও ১৫ জনকে আটক করা হয়। পরে তাদের বঙাইগাঁও রেলওয়ে স্টেশনে নামিয়ে আসাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের দাবি, ২৭ জনের কারও কাছে ভারতে বৈধভাবে থাকার প্রমাণ হিসেবে কোনো নথি ছিল না। তদন্তকারীরা তারা কীভাবে ভারতে প্রবেশ করেছেন এবং কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র সহায়তা করেছে কি না, তা খতিয়ে দেখছেন।
বৈধ কাগজপত্র ছাড়া ভারতে থাকার অভিযোগে আসামে ২৭ বাংলাদেশি আটক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।