রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ রাকিব খান।
ডিবির ভাষ্য অনুযায়ী, ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকেরা কয়েক দিন ধরে আন্দোলন করছেন। গতকাল থেকে আন্দোলন ঘিরে সহিংসতা বেড়েছে বলে তিনি জানান। রোববারও পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তাঁর দাবি।
পুলিশের অভিযোগ, সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নাশকতার চেষ্টা করছেন। মিরপুর-১০ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। পুলিশ দাবি করেছে, তারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী। ডিবির তথ্য অনুযায়ী, সাবেক মিরপুর সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা এসব কর্মকাণ্ড সমন্বয় করছেন। পুলিশ জানিয়েছে, অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতার অভিযোগে ১১ জনকে আটক করেছে ডিবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।