নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর সফর সংক্ষিপ্ত করেছেন। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সম্ভাব্য পদক্ষেপ নিয়ে উদ্বেগের মধ্যে তাঁর সরকারি বিমান ‘উইং অব জিওন’ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে না নামানোর পরিকল্পনা করা হয়েছে। বিমানটি বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা। স্থানীয় সময় দুপুর ২টায় জাতিসংঘে ভাষণ দেওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের উদ্দেশে রওনা দেবেন তিনি এবং নিউইয়র্কে রাত কাটাবেন না।
বিমানটি জেএফকে’র বদলে নিউ জার্সির কোনো সামরিক ঘাঁটি বা নিউইয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারে। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জটিলতা এবং বিমানটি নিউইয়র্কে থাকাকালে মামদানি দ্রুত উড্ডয়নের নির্দেশ দিতে পারেন—এমন আশঙ্কার কথা বলা হয়েছে। বিক্ষোভের আশঙ্কায় নেতানিয়াহু সফর কমিয়েছেন এবং টেক্সাসে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে নির্ধারিত বৈঠকও বাতিল করেছেন।
নেতানিয়াহুর জাতিসংঘের ভাষণ ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর বক্তব্যে ইরানের হুমকি ও ইসরাইলের নিরাপত্তা পরিস্থিতি গুরুত্ব পেতে পারে। অধিবেশনকক্ষে প্রতিবাদ, বাধা বা বিভিন্ন দেশের প্রতিনিধি বেরিয়ে যাওয়ার পরিস্থিতির জন্যও ইসরাইলি প্রতিনিধিদল প্রস্তুতি নিচ্ছে। মামদানি বলেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আইনি ক্ষমতা নিউইয়র্ক শহরের নেই; এ জন্য ফেডারেল সরকারের ভূমিকা দরকার।
মামদানিকে ঘিরে উদ্বেগে জাতিসংঘ সফর সংক্ষিপ্ত করলেন নেতানিয়াহু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।