বাংলাদেশ টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিসিএসএ। শুক্রবার, ২৫ সেপ্টেম্বর রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বিসিএসএ তাঁকে একটি অফিসিয়াল জার্সি ও ক্যাপও উপহার দেয়।
সমর্থকদের স্বীকৃতি ও ভালোবাসায় আবেগাপ্লুত তাইজুল বিসিএসএ-র প্রশংসা করেন। তিনি বলেন, দেশে কিংবা বিদেশে যেখানে খেলেন, সেখানে সমর্থকদের উপস্থিতি তাঁরা দেখতে পান। সমর্থক ছাড়া খেলোয়াড়দের পারফরম্যান্সের পূর্ণতা আসে না বলেও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, সমর্থকদের ভালোবাসা ও সমর্থন ভালো খেলার প্রধান অনুপ্রেরণা। অনুষ্ঠানে বিসিএসএ-র সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনটির বিভিন্ন কর্মকর্তা ও কার্যনির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।
৬২ টেস্টের ১১০ ইনিংসে তাইজুলের উইকেট ২৭২টি, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। গত বছরের নভেম্বরে তিনি সাকিব আল হাসানের ২৪৬ উইকেট ছাড়িয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন। টেস্ট ইনিংসে তিনি ১৯ বার পাঁচ উইকেট এবং দুইবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। ২০১৩ সালে প্রতিষ্ঠিত অলাভজনক বিসিএসএ দেশ ও বিদেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সমর্থন করে আসছে।
বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি তাইজুলকে বিশেষ সম্মাননা দিল বিসিএসএ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।