টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি কর্মীদের হামলার প্রতিবাদে মঙ্গলবার মহিলা জামায়াত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সোমবার গোপালপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সূতী নয়াপাড়া গ্রামে টাঙ্গাইল-২ আসনের জামায়াত প্রার্থী মাওলানা হুমায়ুন কবীরের পক্ষে প্রচারণা চালানোর সময় কয়েকজন মহিলা জামায়াতকর্মীর ওপর বিএনপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা চাঁন মিয়ার ছেলে সাইফুল ইসলাম বাবু, কুরবান আলীর ছেলে মহিউদ্দিন ও চান মিয়া ছিলেন বলে জানা যায়।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় গোহাটা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর থানার সামনে মানববন্ধন ও সমাবেশে পরিণত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার। সমাবেশে বক্তব্য দেন জামায়াত প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর, জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি নাসরিন সুলতানা, রহিমা সুলতানা, ফজিলা বেগম, শিল্পী খাতুন, জান্নাতুন নাহার ও শরিফা খাতুন।
বক্তারা হামলার বিচার ও নির্বাচনী প্রচারণায় মহিলা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
গোপালপুরে বিএনপি হামলার অভিযোগে মহিলা জামায়াতের বিক্ষোভ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।