জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মুখপাত্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। মঙ্গলবার যৌথ বিবৃতিতে দলের আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, ‘আজকের কণ্ঠ’ নামের একটি অনলাইন পোর্টালের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের জেরেই এই অনুসন্ধান শুরু হয়েছে। এনসিপির দাবি, পোর্টালটি নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার পরিচালিত।
দলটি অভিযোগ করে, পতিত আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের ছড়ানো গুজব ও রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি প্রোপাগান্ডার ভিত্তিতে দুদকের মতো রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। এনসিপির ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতাদের চরিত্রহনন এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিকে দমিয়ে রাখতে কমিশনকে রাজনৈতিক হাতিয়ার বানানো হচ্ছে। তারা অনুসন্ধানের নিরপেক্ষতা ও নৈতিক ভিত্তি নিয়েও প্রশ্ন তোলে।
এনসিপি জানায়, জুলাই সনদে ঘোষিত প্রক্রিয়ায় পুনর্গঠিত স্বাধীন ও নিরপেক্ষ দুদক গঠিত হলে যেকোনো অভিযোগের সুষ্ঠু তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করবে। দলটি সরকারকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অপচেষ্টা বন্ধ এবং স্বাধীন ও স্বায়ত্তশাসিত দুদক পুনর্গঠনের আহ্বান জানিয়েছে। অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি।
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলল এনসিপি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।