দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়ন ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে যুগ্ম সচিব ড. মো. মোকছেদ আলী এবং চীনের পক্ষে ঢাকায় নিযুক্ত দূতাবাসের কাউন্সেলর সং ইয়াং চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত সেতুটি পটুয়াখালী জেলার লোহালিয়া নদীর ওপর বগা ফেরিঘাটের ভাটিতে লেবুখালী–বাউফল–গলাচিপা–আমড়াগাছিয়া মহাসড়কের ১৪তম কিলোমিটারে নির্মিত হবে। প্রকল্পটির মোট দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৬২ কিলোমিটার, যার মধ্যে ১ দশমিক ৩৪৮ কিলোমিটার মূল সেতু এবং ১ দশমিক ২৭২ কিলোমিটার সংযোগ সড়ক অন্তর্ভুক্ত। চীন সরকার অনুদান হিসেবে মূল সেতু ও সংযোগ সড়ক নির্মাণে অর্থায়ন করবে, আর বাংলাদেশ সরকার ভূমি অধিগ্রহণ ও অন্যান্য ব্যয় বহন করবে।
চুক্তির পর চীনের মনোনীত প্রতিষ্ঠান বিস্তারিত নকশা প্রণয়ন ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করবে। সেতুটি নির্মিত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং কৃষি, মৎস্য, ব্যবসা ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
দক্ষিণাঞ্চলে নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।