নেত্রকোণার পূর্বধলায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রীতি নামে ছয় বছরের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পূর্বধলা-নেত্রকোণা সড়কের উপজেলা সদর ইউনিয়নের নয়াপাড়া, থানা রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রীতি উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে এবং দারুল উলুম নয়াপাড়া মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে প্রীতি মাদ্রাসায় যায়। ছুটি শেষে বাড়ি ফেরার পথে নয়াপাড়া এলাকায় রাস্তার অপর পাশে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে যায়।
দুর্ঘটনার সময় অটোরিকশার একটি চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে প্রীতি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ছয় বছরের মাদ্রাসাছাত্রীর মৃত্যু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।