ইথিওপিয়ায় লড়াই তীব্র হওয়ার মধ্যে রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে মিসর, ইরিত্রিয়া, সোমালিয়া ও সুদান। সুদানের গৃহযুদ্ধসহ পুরো অঞ্চলে চলমান সংঘাতের প্রেক্ষাপটে গত রোববার মিসরের নিউ আলামেইন সিটিতে বৈঠকের পর চার দেশের নেতারা যৌথ ঘোষণা দেন। এতে স্বাক্ষর করেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ারকি, সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ এবং সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান।
ইথিওপিয়া সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র জোটকে মিসর, ইরিত্রিয়া ও সুদান সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করে আসছে আদ্দিস আবাবা। তবে তিন দেশের কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেছেন। আল-সিসি সীমান্তপারের চ্যালেঞ্জ মোকাবিলায় সংঘাতের বদলে সংলাপের প্রয়োজনের কথা বলেন। যৌথ ঘোষণায় সুদানের সেনানেতৃত্বাধীন সরকারকে সমর্থন এবং সুদানের রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে রাজনৈতিক প্রক্রিয়া শুরুর আহ্বান জানানো হয়।
ঘোষণায় লোহিত সাগরের নিয়ন্ত্রণ উপকূলীয় দেশগুলোর হাতে থাকার কথা বলা হয়েছে। নীল নদের ওপর ইথিওপিয়ার বাঁধ নিয়ে বিরোধের মধ্যে মিসর ও সুদান ভাটির দেশগুলোর ক্ষতি করতে পারে এমন একতরফা পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে। রোববার সরকারি ও মিত্র বাহিনী তিগ্রাইয়ের রাজধানী মেকেল্লে পুনর্দখল করে। টিপিএলএফ সাময়িকভাবে সরে যাওয়ার কথা জানায়; নতুন অন্তর্বর্তী প্রশাসন ও কয়েক মাসের মধ্যে আঞ্চলিক নির্বাচনের প্রস্তুতির কথাও বলা হয়।
ইথিওপিয়ায় লড়াই তীব্র হওয়ার মধ্যে সংলাপের আহ্বান চার প্রতিবেশীর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।