তুরস্কের দক্ষিণাঞ্চলে রোববার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে আনতালিয়া শহরের কাছে, যেখানে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে গেলে ৯ জন মারা যান এবং অন্তত ২৫ জন আহত হন। আনতালিয়ার প্রাদেশিক গভর্নর হুলুসি সাহিন জানান, আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। অন্যদিকে, আনতালিয়া থেকে ইস্পার্তার পথে বুরদুর এলাকায় আরেকটি দুর্ঘটনায় সাতজন নিহত ও পাঁচজন আহত হন।
গভর্নর সাহিন বলেন, পশ্চিমাঞ্চলীয় তেকিরদাগ শহর থেকে আনতালিয়ার উদ্দেশে যাত্রাকালে ৩৪ যাত্রী বহনকারী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। তিনি জানান, দুর্ঘটনাস্থলটি একটি ঝুঁকিপূর্ণ বাঁক, যেখানে দ্রুতগতিতে যান চলাচল অনুচিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও বৃষ্টির কারণে পিচ্ছিল সড়ক দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে। বাসটিতে কোনো বিদেশি নাগরিক ছিলেন কি না, তা নিশ্চিত করা যায়নি।
আনতালিয়া ও আশপাশের উপকূলীয় অঞ্চলটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে প্রতিবছর বিপুলসংখ্যক বিদেশি পর্যটক ভ্রমণ করেন।
তুরস্কের দক্ষিণাঞ্চলে দুটি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।