প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার স্কুল-কলেজে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে এবং নবম শ্রেণি থেকে তা বাধ্যতামূলক করার ব্যবস্থা করা হবে। তিনি শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। ছয়-সাতটি খেলার এই কর্মসূচিতে পছন্দমতো খেলা বেছে নেওয়ার সুযোগ থাকবে। মাতৃভাষার পাশাপাশি আরও একটি ভাষা শেখার কথাও বলেন তিনি; ভাষার তালিকায় ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা থাকবে।
ঢাকা পরিচ্ছন্ন রাখা, পরিবেশ সংরক্ষণ এবং প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি জন্মদিনে গাছ উপহার দেওয়া ও বেশি গাছ লাগানোর পরামর্শ দেন। সফরে দোহারের পাঁচ প্রতিষ্ঠানের ৪৩ জন জিপিএ-৫ পাওয়া এসএসসি শিক্ষার্থী ও ছয় শিক্ষক, মণিপুর উচ্চবিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী ও চার শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয় শিক্ষার্থী অংশ নেন। তারা অধিবেশন দেখেন, ব্রিফিংয়ে অংশ নেন এবং সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন।
দক্ষতা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতায় শিক্ষার্থীদের গড়ে ওঠার আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।