ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, যেখানে মব হবে, সেখানেই পুলিশ অ্যাকশনে যাবে। তিনি জানান, চাঁদাবাজ, অস্ত্রধারী, সন্ত্রাসী, মাদক কারবারি, অনলাইন জুয়া ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে এবং এসব অপরাধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
ডিএমপি কমিশনার জানান, বিশেষ অভিযানে এখন পর্যন্ত ২০৬ জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্যাং লিডারদের আইনের আওতায় আনা হচ্ছে। তিনি আরও বলেন, জামিনে মুক্ত অনেক শীর্ষ সন্ত্রাসী পুনরায় অপরাধে জড়াচ্ছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, থানাগুলোকে জনবান্ধব ও সেবাবান্ধব করতে হবে, দালালমুক্ত রাখতে হবে এবং কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, বিগত সরকারের সময় ব্যাটারিচালিত রিকশার একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল, যা পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে সমান ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপি কমিশনারের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।