বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে। আগামী জুলাই থেকে এ প্রক্রিয়া শুরু হবে। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধের তালিকায় রয়েছে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং। এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ থেকে প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে এবং তারা দীর্ঘদিন ধরে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, ব্যাংক রেজুলেশন আইনের অধীনে প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হবে এবং প্রতিটি প্রতিষ্ঠানে একজন পরিচালককে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। সরকার আগামী বাজেটে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রতিশ্রুতি দিয়েছে, যা দিয়ে ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। আইনে এসব প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে পাওনাদারদের অর্থ পরিশোধের প্রক্রিয়াও নির্ধারিত আছে।
গত বছর ২০টি এনবিএফআইকে নোটিশ দেওয়ার পর পর্যায়ক্রমে তালিকা সংকুচিত করে বর্তমানে পাঁচটি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খেলাপি ঋণ প্রায় শতভাগে পৌঁছায় পাঁচ এনবিএফআই বন্ধের সিদ্ধান্ত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।