ইসরাইলের কারাগারে ৪৭ বছর বয়সী ফিলিস্তিনি বন্দি ইমাদ রাজিহ সারহানের মৃত্যু হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ পরিবারকে জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে কারাগারে তার মৃত্যু হয়েছে। ২০০১ সাল থেকে গিলবোয়া কারাগারে আজীবন কারাদণ্ড ভোগ করছিলেন হাইফার বাসিন্দা সারহান।
ফিলিস্তিনি বন্দিবিষয়ক কমিশন ও ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের তথ্যমতে, বন্দি জীবনের শুরুতে সারহানকে দীর্ঘ সময় ধরে কঠোর জিজ্ঞাসাবাদ ও পদ্ধতিগত নির্যাতনের মুখোমুখি করা হয়, যার ফলে তার শরীরে গুরুতর ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। অভিযোগ রয়েছে, তাকে একাধিকবার দীর্ঘ সময়ের জন্য একাকী সেলে রাখা হয়েছিল। বছরের পর বছর আটকাবস্থা, নির্যাতন ও চিকিৎসাসেবার অভাবে তিনি হৃদরোগ, ধমনি-সংক্রান্ত জটিলতা ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং সাম্প্রতিক বছরগুলোতে হুইলচেয়ার ব্যবহার করতেন।
সংগঠন দুটি সারহানের মৃত্যুকে ইসরাইলি কারাগারে চিকিৎসা অবহেলা ও পদ্ধতিগত নির্যাতনের ফল বলে উল্লেখ করেছে। তারা দাবি করেছে, গাজায় চলমান সহিংসতা শুরুর পর থেকে এসব নীতি আরও তীব্র হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দির মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।