নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে সিএনজি চালক আলাউদ্দিনকে অপহরণ, মারধর এবং দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ একটি কালো রঙের পাজেরো জিপ থেকে আহত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে।
আটক ব্যক্তিরা হলেন মাহাবুব আলম রায়হান, ৩৬, সাদ্দাম কাজী, ৩৫, এবং নাসির, ৩৬। পুলিশ জানায়, ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাইনবোর্ড সিএনজি স্ট্যান্ডে আলাউদ্দিনের সামনে একটি পুরোনো পাজেরো থামে। গাড়ি থেকে নামা তিনজন নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে লাঠি দিয়ে কয়েকটি সিএনজির সামনের কাচ ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে।
পরে তারা আলাউদ্দিনকে সিএনজি থেকে নামিয়ে টেনে-হিঁচড়ে পাজেরোতে তোলে এবং বিভিন্ন সড়কে ঘুরিয়ে মারধর করে মুক্তিপণ দাবি করে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ডিজিএফআইসহ একাধিক সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাদের সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য হিসেবে শনাক্ত করে। জিপটি থামানোর সময় এক অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। জব্দ করা হয়েছে দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাপ, ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের ভিজিটিং কার্ড ও একটি লাঠি।
ডিজিএফআই পরিচয়ে অপহরণের অভিযোগে তিনজন আটক, উদ্ধার সিএনজি চালক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।