মালদ্বীপে একটি গেস্ট হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে দুইজনের মরদেহ রোববার দেশে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। এর মধ্যে মো. সদর আলী ও সফিকুল ইসলামের লাশ দেশে আনা হবে। আহত দুইজন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
গত বৃহস্পতিবার রাতে রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের ডিগুরাহ দ্বীপে গেস্ট হাউসে এই বিস্ফোরণ ঘটে। সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান। ঘটনাটি জানার পরপরই বাংলাদেশ হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেয়।
হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে। আহতদের মালে শহরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
মালদ্বীপে বিস্ফোরণে নিহত দুই বাংলাদেশির লাশ রোববার দেশে আসছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।