ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডিজিটাল রূপান্তরের উদ্দেশ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়; সরকারি প্রতিষ্ঠানকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত জনসেবা নিশ্চিত করাও এর লক্ষ্য। মঙ্গলবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ই-গভর্নেন্স ও ডিজিটাল গণসেবা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ইন্টারঅপারেবিলিটি কেবল প্রযুক্তিগত বিষয় নয়; এর সঙ্গে সুশাসন, অভিন্ন মানদণ্ড, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা যুক্ত। একই ধরনের ডিজিটাল ব্যবস্থা বারবার তৈরি না করে অভিন্ন অবকাঠামো এবং পুনর্ব্যবহারযোগ্য ডিজিটাল সক্ষমতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। তথ্য বিনিময় নিরাপদ, দায়িত্বশীল ও সুস্পষ্ট নীতিমালার আওতায় হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও আইটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, আগামী পাঁচ বছরে আইন ও নীতিমালা, নিরাপদ কানেক্টিভিটি, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, এআই ও সাইবার নিরাপত্তা, দক্ষ জনশক্তি এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংকে অগ্রাধিকার দেওয়া হবে। অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উন্নত জনসেবায় সমন্বিত ও নিরাপদ ডিজিটাল ব্যবস্থা গড়ার আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।