প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার দেওয়া বাণীতে তিনি ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সময়মতো রোগ শনাক্ত, সঠিক চিকিৎসা, সুষম খাদ্য, নিয়মিত শরীরচর্চা ও সচেতন জীবনযাপনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
তিনি বলেন, ডায়াবেটিস বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ এবং বাংলাদেশেও আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদযন্ত্র, কিডনি, চোখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত করতে পারে এবং জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যায় আক্রান্ত ব্যক্তিরা সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।
এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। প্রধানমন্ত্রী বলেন, সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা ও জনসচেতনতামূলক কাজের প্রশংসা করেন এবং সরকারের সহযোগিতা অব্যাহত থাকার কথা জানান।
ডায়াবেটিস প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।