ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি হরমুজ প্রণালিতে কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউএম-১৭০ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। সোমবার দেশটির আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি এ দাবি জানায়। প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির মহাকাশ বাহিনী ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে ড্রোন দুটি নামিয়ে আনে। সর্বশেষ অভিযানের বিস্তারিত প্রকাশ না হলেও তাসনিম বলেছে, ইরানের পদক্ষেপে ড্রোন দুটি তাদের নির্ধারিত অভিযান শেষ করতে পারেনি।
তাসনিমের তথ্য অনুযায়ী, এ নিয়ে একই ধরনের চারটি ড্রোন ইরানি বাহিনীর হাতে আটক বা নিয়ন্ত্রণে নেওয়ার খবর পাওয়া গেছে। গত সপ্তাহে ইরান একই ধরনের দুটি ঘটনার কথাও জানায়। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা কেশম দ্বীপের আকাশে একটি এমকিউএম-১৭০ ড্রোন ভূপাতিতের কথা জানায়। এর আগের বৃহস্পতিবার আইআরজিসি নৌবাহিনী পশ্চিম হরমুজ প্রণালিতে আরেকটি ড্রোনের নিয়ন্ত্রণ নেওয়া ও অক্ষত অবস্থায় অবতরণের দাবি করেছিল। তবে ওই দাবি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রত্যাখ্যান করে।
সর্বশেষ দাবির সময় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ যোগাযোগ চলছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, দুই দেশ বার্তা আদান-প্রদান করছে। তিনি জানান, কাতারের মধ্যস্থতায় এই প্রক্রিয়া সহজ করতে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দোয়া সফর করেছেন।
ইরানের দাবি, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থায় দুটি মার্কিন এমকিউএম-১৭০ ড্রোন ভূপাতিত করা হয়েছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।