জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কার বিষয়ে বিএনপি সরকারের অবস্থানে গভীর হতাশা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছিল। অন্তর্বর্তী সরকার তখন বিভিন্ন অধ্যাদেশ জারি করে সংস্কারগুলোকে আইনি বাধ্যবাধকতায় নিয়ে এসেছিল।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের কাছে জনগণের প্রত্যাশা ছিল এসব অধ্যাদেশ অনুমোদন ও নতুন সংস্কার আইন প্রণয়ন করা হবে। কিন্তু প্রথম অধিবেশনে বিএনপির আচরণে জাতি আশাহত হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার গণভোট, গুম প্রতিরোধ ও পুলিশ কমিশন গঠনের অধ্যাদেশ কার্যকারিতা হারাতে দিয়েছে এবং বিচার বিভাগ, মানবাধিকার কমিশন ও সংসদ সচিবালয় সংক্রান্ত সাতটি অধ্যাদেশ বাতিল করেছে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এসব অধ্যাদেশ স্বৈরতান্ত্রিক কাঠামো ভেঙে দিতে পারত। ইসলামী আন্দোলন এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বিএনপিকে পরবর্তী অধিবেশনে শক্তিশালী সংস্কার বিল উত্থাপনের আহ্বান জানিয়েছে, অন্যথায় জনগণ নিজেরাই দাবি আদায় করবে বলে সতর্ক করেছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কার বাতিলে বিএনপিকে ইসলামী আন্দোলনের সমালোচনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।